বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ই-স্পোর্টস কমিউনিটিকে আরও সংগঠিত ও এগিয়ে নিতে জাতীয় পর্যায়ের ই-স্পোর্টস টুর্নামেন্ট ‘এয়ারটেল গেমিং এরেনা’ চালুর ঘোষণা দিয়েছে রবির ব্র্যান্ড এয়ারটেল। একই সঙ্গে জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইলের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
রাজধানীর রবি করপোরেট অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
এতে জানানো হয়, ই-স্পোর্টস এখন আর কেবল শখ নয়; বরং বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য প্রতিযোগিতামূলক একটি ক্ষেত্র হয়ে উঠেছে। এই পরিবর্তনকে গুরুত্ব দিয়ে এয়ারটেল তরুণ প্রতিভাদের জন্য একটি আনুষ্ঠানিক প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করছে, যেখানে গেমাররা জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।
আরও পড়ুন: চট্টগ্রামকে স্মার্ট সিটি রূপান্তরে কাজ করবে চসিক ও গ্রামীণফোন
পাবজি মোবাইলের সঙ্গে অংশীদারত্বের ফলে এয়ারটেল ব্যবহারকারীরা উপভোগ করবেন বিশেষ ইভেন্ট ও এক্সক্লুসিভ অভিজ্ঞতা, যা দেশের গেমিং ইকোসিস্টেমে ব্র্যান্ডটির অবস্থানকে আরও দৃঢ় করবে।
সংবাদ সম্মেলনে এয়ারটেলের পূর্ববর্তী গেমিং উদ্যোগের সফলতাও তুলে ধরা হয়। তরুণদের ডিজিটাল লাইফস্টাইলকে সমর্থন জানানো এবং তাদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করাই এয়ারটেলের মূল লক্ষ্য বলে জানানো হয় অনুষ্ঠানে।
এ সময় উপস্থিত ছিলেন রবির হেড অব এয়ারটেল মার্কেটিং সৌরভ প্রকাশ খারে, এয়ারটেলের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসোসিয়েট ডিরেক্টর তাহাসিনা রাফা, ব্র্যান্ড স্ট্র্যাটেজি ও এটিএল বিভাগের জেনারেল ম্যানেজার জাইমা তাহসীন এবং ই-স্পোর্টস ও গেমিং বিভাগের জেনারেল ম্যানেজার শেখ ফাত্তাহ আহমেদ।








