বাংলাদেশের গেমারদের জন্য শক্তিশালী পারফরম্যান্সের একাধিক নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন করেছে আসুস। প্রতিষ্ঠানটির জনপ্রিয় আরওজি (রিপাবলিক অব গেমারস), টাফ সিরিজ ও ভি সিরিজ এখন পাওয়া যাবে নতুন প্রজন্মের সংস্করণে।
সব মডেলেই ব্যবহার করা হয়েছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ, যা গেম খেলা ও ভারী কাজের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ নজর কাড়ছে ১৮ ইঞ্চি পর্দার আরওজি স্ট্রিক্স স্কার ১৮, যেখানে রয়েছে আরটিএক্স ৫০৯০ জিপিইউ। ডেস্কটপের সমান শক্তিশালী এই ল্যাপটপটির দাম ধরা হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য মডেলের দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে। পাশাপাশি আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ মডেলের দাম যথাক্রমে ৩ লাখ ৩২ হাজার টাকা ও ৩ লাখ ৮৮ হাজার টাকা।
আরও পড়ুন: বাজারে এলো শাওমির নতুন ফোন, এক চার্জে চলবে দুইদিন
অন্যদিকে, ২০২৫ সংস্করণের টাফ গেমিং এ১৪, এ১৬ ও এফ১৬ মডেলগুলোতেও রয়েছে শক্তিশালী আরটিএক্স ৫০৬০ জিপিইউ। দীর্ঘস্থায়িত্ব ও পারফরম্যান্সের কারণে এগুলো কেবল গেমারদের নয়, বরং পেশাজীবীদের কাছেও সমান উপযোগী। দাম শুরু হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা থেকে, যেখানে টাফ এ১৬ মডেলের দাম ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা এবং এ১৪ মডেলের দাম ১ লাখ ৯৪ হাজার টাকা।
এ ছাড়া বাজারে এসেছে আসুস ভি১৬ (ভি৩৬০৭) মডেল, যাতে রয়েছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। ১৬ ইঞ্চি ডিসপ্লে ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে উন্নত মানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়া যাবে। এর দাম ধরা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা।
সব মিলিয়ে নতুন প্রজন্মের এই আরওজি, টাফ ও ভি সিরিজের গেমিং ল্যাপটপগুলো গেমারদের জন্য যেমন, তেমনি ভারী কাজের জন্য পেশাজীবীদের কাছেও সমান কার্যকর হতে পারে।








