কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই আয় বাড়াতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা।
সম্প্রতি এনডিটিভি৩৬০ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি একজন মনিটাইজেশন চিফ খুঁজছে, যার মূল কাজ হবে প্রতিষ্ঠানের সব বিভাগের মনিটাইজেশন কার্যক্রমের নেতৃত্ব দেয়া।
নতুন মনিটাইজেশন চিফ বিজ্ঞাপন ইন্টিগ্রেশন, সাবস্ক্রিপশন, এপিআই এবং অন্যান্য আয়ের উৎস খুঁজে বের করার কাজ করবেন।
তবে এখনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞাপনের ফরম্যাট বা রোলআউট কবে নাগাদ হবে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ফিদজি সিমো, ওপেনএআই-এর অ্যাপ্লিকেশনসের চিফ অপারেটিং অফিসার (সিইও) এ নিয়োগ প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন।
তিনি ইতিমধ্যে কয়েকজন প্রার্থীকে সাক্ষাৎকার নিয়েছেন বলে জানা গেছে। ওপেনএআই জানিয়েছে, নির্বাচিত নির্বাহী সিইও স্যাম অল্টম্যানকে নয় বরং সরাসরি ফিদজি সিমোর কাছে বিজ্ঞাপন সংশ্লিষ্ট সব বিষয়ে রিপোর্ট ও পরামর্শ করবেন।
আরও পড়ুন
ইনস্টাগ্রামের মাসিক ব্যবহারকারী ছাড়াল ৩০০ কোটি
ফিদজি সিমো বর্তমানে চ্যাটজিপিটি, এপিআই, পার্টনারশিপ এবং নতুন ইনিশিয়েটিভ ডিভিশনগুলো তত্ত্বাবধান করছেন। অন্যদিকে স্যাম অল্টম্যান প্রতিষ্ঠানটির গবেষণা, অবকাঠামো, কনজ্যুমার হার্ডওয়্যার এবং সেফটি টিমের দেখাশোনা করছেন।
এর আগে গত বছরেও চ্যাটজিপিটিতে বিজ্ঞাপনের আসার খবর শোনা গিয়েছিল। গত বছর প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সারাহ ফ্রিয়াস একটি সম্ভাব্য বিজ্ঞাপনভিত্তিক আয়ের মডেলের কথা বলেন।
প্রযুক্তিবিদরা ধারণা করছেন নতুন মনিটাইজেশন প্রধানের নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদের আয় বাড়ানোর কৌশলকে আরো ত্বরান্বিত করবে।
তবে এটি এখনো স্পষ্ট নয়, চ্যাটজিপিটির নতুন বিজ্ঞাপন শুধু ফ্রি ব্যবহারকারীরা ক্ষেত্রে দেখানো হবে নাকি পেইড সাবস্ক্রাইবারদেরকেও দেখানো হবে।
অন্যান্য এআই প্রতিদ্বন্দ্বীরা এরইমধ্যে একই ধরনের বিজ্ঞাপনভিত্তিক আয়ের কৌশল গ্রহণ করেছে। গুগল তার এআই ওভারভিউতে বিজ্ঞাপন দেখিয়ে আসছে এছাড়া পারপ্লেক্সিটিও তাদের কিছু সার্চ রেজাল্টে বিজ্ঞাপন দেখিয়ে থাকে।









