মার্কিন সাময়িকী ফোর্বস এশিয়া সম্প্রতি প্রকাশ করেছে এশিয়ার সম্ভাবনাময় ১০০টি নতুন স্টার্টআপ ও ছোট প্রতিষ্ঠানের তালিকা—‘ফোর্বস এশিয়া ১০০ টু ওয়াচ’।
এবারের তালিকায় বাংলাদেশের দুটি স্টার্টআপ, আইফার্মার ও টাইগার নিউ এনার্জি, জায়গা করে নিয়েছে।
কৃষি এবং উৎপাদন ও শক্তি খাত থেকে নির্বাচিত হয়েছে এই দুটি প্রতিষ্ঠান।
সোমবার প্রকাশিত তালিকায় বিনিয়োগকারীদের আগ্রহ, উদ্ভাবনী কার্যক্রম ও প্রবৃদ্ধির সম্ভাবনা বিবেচনা করে স্টার্টআপগুলোকে বাছাই করা হয়েছে। এটি ফোর্বস এশিয়ার প্রকাশিত তালিকার চতুর্থ সংস্করণ।
এবারের তালিকায় ভারতের রয়েছে সর্বোচ্চ ২০টি স্টার্টআপ, এরপর সিঙ্গাপুরের ১৫টি, চীনের ১০টি, জাপানের ৯টি এবং ইন্দোনেশিয়ার ৮টি প্রতিষ্ঠান।
আরও পড়ুন: ই–কমার্স প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশে চাকরির সুযোগ
মোট ১৬টি দেশের ১০টি শিল্প খাতের প্রতিষ্ঠান স্থান পেয়েছে এতে। ফোর্বস জানিয়েছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে ২০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ আকর্ষণ করেছে।
টাইগার নিউ এনার্জি
২০২২ সালে যাত্রা শুরু করে টাইগার নিউ এনার্জি, যারা বাংলাদেশে ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি সোয়াপিং সেবা দিয়ে থাকে।
বর্তমানে প্রতিষ্ঠানটি সারাদেশে প্রায় ১০০টি সোয়াপিং স্টেশন পরিচালনা করছে, যেগুলোর মাধ্যমে ইলেকট্রিক থ্রি-হুইলার, গাড়ি ও অন্যান্য যানবাহন দ্রুত ব্যাটারি পরিবর্তনের সুবিধা পায়।
টাইগার নিউ এনার্জি এখন পর্যন্ত ওয়েভমেকার পার্টনার্স থেকে ২৫ লাখ ডলার সিড ফান্ড এবং এডিবি ভেঞ্চারস থেকে ১০ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে।
আইফার্মার
অন্যদিকে, কৃষিভিত্তিক স্টার্টআপ আইফার্মার কৃষকদের সাথে পাইকারি ক্রেতা ও বিক্রেতাদের সংযোগ স্থাপন করে।
প্রতিষ্ঠানটি কৃষকদের পরামর্শ ও বিভিন্ন কৃষিপণ্য—যেমন বীজ, সার, কীটনাশক ও ফিড সরবরাহ করে।
আইফার্মারের মোবাইল অ্যাপ ‘সফল’ গুগল প্লে স্টোরে ১০ হাজারের বেশি ডাউনলোড অতিক্রম করেছে।
২০২২ সালে প্রতিষ্ঠানটি আইডিএলসি ভেঞ্চারস-এর নেতৃত্বে ২১ লাখ ডলার বিনিয়োগ অর্জন করে।








