মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক নির্বাহী আদেশে টিকটকের যুক্তরাষ্ট্র অংশের কার্যক্রম বিক্রি পরিকল্পনার অনুমোদন দিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন ও বৈশ্বিক বিনিয়োগকারীদের মাধ্যমে গঠিত টিকটকের যুক্তরাষ্ট্রে অংশের মূল্য ধরা হয়েছে প্রায় ১৪ বিলিয়ন ডলার। সম্প্রতি রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা ও ব্যবহারকারীদের ডাটা সুরক্ষা নিশ্চিত করতে ২০২৪ সালের প্রটেক্টিং আমেরিকানস ফ্রোম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপ্লিকেশনস অ্যাক্ট তৈরি করা হয়। ওই আইন অনুযায়ী, চীনা মালিকানাধীন বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রের টিকটক অংশ বিক্রি করতে হবে, তা নাহলে অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। তবে এটি এখনো স্পষ্ট হয়নি টিকটকের মেইন রিকমেন্ডেশন অ্যালগরিদম মূলত কার নিয়ন্ত্রণে থাকবে। তবে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদাররা টিকটকের মেইন রিকমেন্ডেশন অ্যালগরিদমকে পুনঃপ্রশিক্ষণ ও তদারকি করবেন।
আরও পড়ুন:
অনর ম্যাজিক ৮ সিরিজ আসছে অক্টোবরে
ওভাল অফিসের এক ব্রিফিংয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চীনা পক্ষ থেকে কিছু প্রতিবন্ধকতা থাকলেও আমাদের মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখা এবং একইসঙ্গে মার্কিন আইন অনুযায়ী মার্কিনীদের তথ্যের গোপনীয়তা সুরক্ষা নিশ্চিত করা।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন, ‘আমরা আশা করছি, যুক্তরাষ্ট্রে চীনের যেসব কোম্পানি বিনিয়োগ করছে, যুক্তরাষ্ট্র তাদের জন্য একটি উন্মুক্ত, ন্যায়সঙ্গত এবং বৈষম্যবিহীন ব্যবসায়িক পরিবেশ প্রদান করবে।’
টিকটিকের যুক্তরাষ্ট্রে অংশে ওরাকল, সিলভার লেকসহ বিনিয়োগকারীরা প্রায় ৫০ শতাংশ শেয়ার থাকবে। অন্যদিকে দেশটির আইন মেনে বাইটড্যান্সের অংশ থাকবে ২০ শতাংশের কম। ট্রাম্প জানিয়েছেন, বিনিয়োগকারীদের মধ্যে মাইকেল ডেল ও রুপার্ট মারডক থাকবেন।
বর্তমানে টিকটকের যুক্তরাষ্ট্রে মোট ব্যবহারকারী প্রায় ১৭ কোটি, যার মধ্যে ট্রাম্পের ব্যক্তিগত অনুসারী প্রায় ১ কোটি ৫০ লাখ।









