বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে পোভা ফাইভ–জি সিরিজের তিনটি নতুন স্মার্টফোন উন্মোচন করেছে টেকনো। ‘পোভা স্লিম ফাইভ–জি’, ‘পোভা কার্ভ ফাইভ–জি’ এবং ‘পোভা ৭ প্রো ফাইভ–জি’ মডেলের ফোন তিনটি বাজারে আসে। এআই প্রযুক্তিনির্ভর নানা ফিচার থাকায় এগুলো ব্যবহারকারীদের জন্য আলাদা অভিজ্ঞতা আনবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
হাইওএস ১৫–এ উন্নত এআই সুবিধা
তিন মডেলেই রয়েছে হাইওএস ১৫ স্পেশাল ওএস, ২৫৬ গিগাবাইট স্টোরেজ এবং ৮ গিগাবাইট র্যাম। চাইলে বাড়তি ৮ গিগাবাইট র্যাম যোগ করার সুবিধা আছে। ডলবি অ্যাটমোস ডুয়েল স্পিকার, এনএফসি ও আইআর রিমোট কন্ট্রোল ছাড়াও ফোনগুলোতে থাকছে এআই রাইটিং, কল অ্যাসিস্ট্যান্ট, সার্কেল টু সার্চ এবং এআই স্টুডিও ফিচার।
আরও পড়ুন: স্যান্ড স্টর্ম এডিশনে আসছে পরবর্তী প্রজন্মের ওয়ানপ্লাস ১৫
পোভা স্লিম ফাইভ–জি
ডায়মেনসিটি ৬৪০০ ফাইভ–জি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন সমৃদ্ধ এই মডেলটি বিশেষভাবে গেমপ্রেমীদের জন্য। ফোনটিতে আছে ৫১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সুবিধা। ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের গেমিং ও ভিডিও অভিজ্ঞতাকে করবে স্বাচ্ছন্দ্যময়। মিলিটারি–গ্রেড শক রেসিস্ট্যান্স সুবিধাযুক্ত ফোনটিতে রয়েছে ৫০+২ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দাম রাখা হয়েছে ২৯ হাজার ৯৯৯ টাকা।
পোভা কার্ভ ফাইভ–জি
এই মডেলটিতে রয়েছে ডায়মেনসিটি ৭৩০০ ফাইভ–জি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন। ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের কারণে উচ্চমানের ভিডিও ও গেম খেলা হবে আরও মসৃণ। পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। ১৫এক্স ডিজিটাল জুম সুবিধা থাকায় ফটোগ্রাফিতেও বাড়তি সুবিধা মিলবে। এই মডেলের দাম ৩২ হাজার ৯৯৯ টাকা।
পোভা ৭ প্রো ফাইভ–জি
সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোনটি হলো পোভা ৭ প্রো ফাইভ–জি। এতে বিশেষ স্ট্যাটাস লাইট যোগ করা হয়েছে, যা নোটিফিকেশন ও গেমিংয়ের সময় কার্যকর ভূমিকা রাখে। ফোনটিতে ব্যবহৃত হয়েছে ডায়মেনসিটি ৭৩০০ আলটিমেট ফাইভ–জি প্রসেসর ও হাইপার গেমিং ইঞ্জিন। ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৬৪+৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যুক্ত করা হয়েছে। ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফ্ল্যাশ চার্জের কারণে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। এ মডেলের দাম ধরা হয়েছে ৩৪ হাজার ৯৯৯ টাকা।








